স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী পিএসজি আবারও নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। ছয়বারের শিরোপাজয়ী লিভারপুলকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা সেমিফাইনালের মঞ্চে উঠে গেছে।
গতকাল (মঙ্গলবার) ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়েছে তারা।
অ্যানফিল্ডে ২-০ গোলের জয়ে দুই লেগে ৪-০ ব্যবধানে শেষ চারে পিএসজি। ইউরোপের সর্বকালের শীর্ষ বিজয়ী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে শিরোপা ধরে রাখার বেশ কাছে তারা।
কোচ লুইস এনরিকে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখা কঠিন, আমরা সেটা জানি। আবারো আমরা এখানে এবং এই সুযোগগুলোর বেশিরভাগ কাজে লাগাতে হবে।’
ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে লিভারপুলের স্বপ্ন চুরমার করে দেন। তারা সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ কিংবা মাদ্রিদের মুখোমুখি হবে।
নকআউট পর্বে পিএসজি টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল। এছাড়া প্রথম ফরাসি ক্লাব হিসেবে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তারা।
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা বিশেষ কিছু এবং পিএসজি সেই কীর্তি গড়ার বেশ কাছে। ২০১৬-১৮ পর্যন্ত মাদ্রিদ হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। কিন্তু ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ নামধারণের পর তারা ছাড়া আর কোনো দল টানা দুইবার ট্রফি জিততে পারেনি।