কলম্বিয়ায় সম্প্রতি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬৯ জন সেনাসদস্য প্রাণ হারান। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাছের সঙ্গে ধাক্কা লেগেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির বিমানবাহিনী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ২৩ মার্চ পেরু সীমান্তঘেঁষা আমাজনীয় শহর পুয়ের্তো লেগুইজামোতে ১৯৮৩ সালে নির্মিত সি-১৩০ হারকিউলিস বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পর মাত্র এক কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
বিমান বাহিনীর নিরাপত্তা পরিচালক কর্নেল লুইস ফার্নান্দো গিরালদো সাংবাদিকদের জানান, উড্ডয়নের মাত্র চার সেকেন্ডের মাথায় বিমানটি তিনটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
তিনি আরও জানান, বিমানের দুটি ইঞ্জিনের মধ্যে গাছের ডালপালার ভাঙা অংশ পাওয়া গেছে। এতে বিমানের বাঁ দিকের ডানার বায়ুগতি সম্পর্কিত কার্যক্ষমতা এবং বিমানের নিয়ন্ত্রণ ব্যাহত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিমানটিতে ১২০ জনেরও বেশি যাত্রী ছিলেন, সঙ্গে ছিল গোলাবারুদও। দুর্ঘটনার পর সেগুলোও বিস্ফোরিত হয়। এতে উদ্ধারকাজে ছুটে আসা আশপাশের বাসিন্দাদের কয়েকজন আহত হন।
গিরালদো জানান, দুর্ঘটনাটি মানুষের ভুলে নাকি যান্ত্রিক সমস্যার কারণে ঘটেছে এখনও তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে অতিরিক্ত ওজন বা প্রতিকূল আবহাওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে নাকচ করে দিয়েছেন তিনি।