আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম বিমানঘাঁটিতে আয়োজিত এয়ার শো চলাকালীন মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত, দুই বিমানের চার ক্রু সদস্যই সময়মতো থেকে ইজেক্ট করে (প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়ে) রক্ষা পেয়েছেন।
দু’টি উড়োজাহাজই ছিল ই/এ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশের স্থানীয় সময় রাত ১০টার পর) ঘটেছে এই সংঘর্ষের ঘটনা।
এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর অন্তর্গত নাভাল এয়ার ফোর্স বিভাগের ইউএস প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র কমোডর অ্যামেলিয়া উমায়াম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মাউন্টেন হোম বিমান ঘাঁটিতে মহড়ার সময় দুটি ই/এ-১৮জি গ্রাউলার বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দু’টি বিমানই ধ্বংষ হয়ে গেছে; তবে ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুই বিমানে ২ জন করে মোট ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা বিমান থেকে বের হয়ে আসতে পেরেছেন।”
“ঘটনাটি বর্তমানে তদন্তাধীন আছে। তদেন্তর পর এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য আমাদের পক্ষে জানানো সম্ভব হবে”, বিবৃতিতে বলেছেন কমোডর উমায়াম।
মুখোমুখি সংঘর্ষে দু’টি বিমানই খণ্ড-বিখণ্ড হয়ে গেছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ আইডাহোর ফেডারেল রাজপথ স্টেট হাইওয়ে ১৬৭-তে ছড়িয়ে পড়েছিল। ফলে বেশ কয়েক ঘণ্টা মহাসড়কের এই অংশটিতে যান-চলাচল বন্ধ ছিল।
দীর্ঘ আট বছর পর আইডাহোর মাউন্ডেন হোম বিমান ঘাঁটিতে গতকাল মহড়ার আয়োজন করা হয়েছিল। তার আগে এ ঘাঁটিতে সর্বশেষ মহড়া হয়েছিল ২০১৮ সালে। সেই মহড়াতেও দুর্ঘটনা ঘটেছিল— সেবার চালকসহ একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল এবং চালক ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। তারপর আট বছর মাউন্টেন হোম ঘাঁটিতে বিমান মহড়া বন্ধ ছিল।
সূত্র : রয়টার্স