জাকির হোসেন,পিরোজপুর//
পিরোজপুর সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘৮ম পিরোজপুর সদর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’। সোমবার (৬ এপ্রিল) বিকেলে সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়। ‘কাবিং করবো, পরিচ্ছন্ন দেশ গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর সদর উপজেলার আয়োজনে ৫ দিনব্যাপী এই ক্যাম্পুরী চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা রাখে। ক্ষুদে স্কাউটরাই দেশপ্রেমের শিক্ষায় দীক্ষিত হয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় এবং পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্কাউট কমিশনার বিলকিস খানম এবং উপজেলা স্কাউট সম্পাদক মাসুম বিল্লাহ।
ক্যাম্পুরী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দল অংশগ্রহণ করছে। ৫ দিনব্যাপী এই ক্যাম্পে কাব স্কাউটদের জন্য শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা স্কাউটের সম্পাদক মাসুম বিল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আসাদুজ্জামান, পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী মল্লিক, সহকারী শিক্ষক সাইদুল হক মামুন, কাজী এনামুল হক, নিয়াজ মোরশেদসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। এছাড়াও স্কাউট নেতৃবৃন্দ ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্কাউটিং আন্দোলনের মাধ্যমে শিশুদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করাই এই ক্যাম্পুরীর মূল লক্ষ্য। আগামী ১০ এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিলনমেলার সমাপ্তি ঘটবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























