বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া অভিনেতা চাষী আলম আবারও বাবা হয়েছেন। প্রথম সন্তান জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নেন চাষী আলম। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্, দ্বিতীয়।’
তার এই পোস্টে বিনোদন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের পর থেকেই সুখে সংসার করছেন এই দম্পতি। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম ছেলে সন্তানের বাবা হন এই অভিনেতা।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা পান চাষী আলম। এরপর থেকে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























