মামুন হোসেন, যশোর, প্রতিনিধিঃ
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে মঙ্গলবার সকালে শত শত স্থানীয় বাসিন্দা বিক্ষোভ করেন। এ সময় তাঁর বাড়িতে হামলার অভিযোগও ওঠে। বিক্ষোভের একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার একটি মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী ও এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এমপির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল এবং মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত ছিল।
এদিকে এমপির স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের মেয়ের সঙ্গে পূর্বের বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়িতে হামলা ও মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















