শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















