সারা দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংসদ সদস্যদের সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ এ কথা জানিয়েছেন।
রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, রোববার বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
শামা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সারা দেশে যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপিত হতে পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় এ উৎসবকে বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন।
দুর্গাপূজাকে একটি সংবেদনশীল উপলক্ষ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সহযোগী এবং আরও কিছু গোষ্ঠী পূজা উদযাপনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে।
শামা বলেন, ‘কোনো পরিস্থিতিতেই কাউকে পূজা উদযাপনে বিঘ্ন ঘটানোর সুযোগ দেওয়া যাবে না, আমাদের তা নিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বারবার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
বিএনপির সংসদীয় দলের সভায় প্রায় তিন ঘণ্টাব্যাপী উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় উল্লেখ করে শামা বলেন, সভায় ২১৪ জন সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকা এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয়।
তিনি বলেন, ‘নিজ নিজ নির্বাচনী এলাকা এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে ২১৪ জন সংসদ সদস্যকে খোলামেলাভাবে কথা বলার সুযোগ দেওয়ায় আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যখন প্রস্তুতি জোরদার করছে, তখন প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে শামা বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি।
রাজধানীতে বিআইআইএসএস আয়োজিত ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা ফেলো আয়েশা বিনতে তৌহিদ, গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, গবেষণা ফেলো এএসএম তারেক হাসান সেমুল এবং গবেষণা পরিচালক ড. সুফিয়া খনম।
বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য দেন এবং সেমিনারে সভাপতিত্ব করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















