ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা এক রিটের শুনানি শেষে আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে রিটকারি আইনজীবী কামরুন নাহার মাহমুদ নিজেই শুনানি করেন। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।
আদেশের বিষয়ে রিটকারি আইনজীবী বলেন, উচ্চমাধ্যমিকে এবছর যারা দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তারা আবার পরীক্ষা দিতে পারবেন। কিন্তু ২৩ ডিসেম্বর তাদের সেই পরীক্ষার ফলাফল ঘোষণার আগেই যদি (৫ ডিসেম্বর) পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে শিক্ষার্থীদের আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে হবে। তাই হাইকোর্টে আমাদের আবেদন ছিলো যদি ২৫ দিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হয়, তাহলে সাড়ে ৪ লাখের মতো শিক্ষার্থী যারা উচ্চমাধ্যমিকে দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তাদের ফলাফল পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আদালত আমাদের শুনানির পর রুলসহ আদেশ দিয়েছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























