শিল্পকলা একাডেমির সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
নারী বিবেচনায় মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেন আদালত।
আজ ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে তাদের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে, ১০ অক্টোবর আল নূর মোহাম্মদ আয়াশ ও মারজিয়া খন্দকার রিমিকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত ১১ অক্টোবর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৪ অক্টোবর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।
এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে শাহবাগ থানার এসআই জিয়াউল হক একটি মামলা দায়ের করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























