নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখান এলাকা থেকে মো. আবুল হাসান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি অপরাধবিষয়ক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘অলক্রাইম.টিভি’র প্রতিবেদক আব্দুল্লাহ আল ফাহিমের বাবা। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে নগদ এক লাখের বেশি টাকা ছিল বলে জানিয়েছে পরিবার।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা দুইটার দিকে উত্তরখানের চেরাগীপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার সময় আবুল হাসান মিয়ার সঙ্গে নগদ এক লাখের বেশি টাকা ছিল। তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত সচল ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
জিডির তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ২টার দিকে চেরাগীপাড়া এলাকা থেকে নিখোঁজ হন আবুল হাসান মিয়া। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ আবুল হাসান মিয়ার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট এবং ওজন প্রায় ৬৫ কেজি।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
আবুল হাসান মিয়ার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার ছেলে সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহিম। কেউ তার সন্ধান পেলে ০১৯৮৭০৭০৩৬০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















