সিটিজেন নিউজ ডেস্ক : লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি হামলায় একটি পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সোচ্চার ভূমিকা রাখায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে এই সম্মাননা দেওয়া হয়।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহের সময় হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন। ওই ঘটনায় এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসি এবং ডিলান কলিন্সসহ ছয় সাংবাদিক আহত হয়েছিলেন।
এএফপির এক স্বাধীন তদন্তে দেখা গেছে, উত্তর ইসরায়েলের জোরদেইখ এলাকা থেকে ছোড়া দুটি ১২০ মিলিমিটার ট্যাংকের গোলায় ওই হতাহতের ঘটনা ঘটে। রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) আলাদা তদন্তেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ওই হামলার পর থেকেই লেবাননের এই আলোকচিত্রী ও ফটো এডিটর নিহত সহকর্মীর বিচার, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের সহায়তা কর্মসূচির পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসি অলিম্পিক মশাল বহন করেছিলেন।
পুরস্কার অনুষ্ঠানের আগে এএফপিকে ক্রিস্টিনা আসি বলেন, ‘এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত ও গর্বিত, তবে একই সঙ্গে যে কারণে এটি দেওয়া হচ্ছে তা ভেবে আমি ক্ষুব্ধ ও ব্যথিত। গত তিন বছরে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। এখন পর্যন্ত আমরা যা কিছু করেছি এবং যে প্রচারণা চালিয়েছি, তা যথেষ্ট মনে হচ্ছে না।’
পুরস্কার অনুষ্ঠানের আগে এএফপির নিউজ ডিরেক্টর ফিল চেটউইন্ড বলেন, ‘ক্রিস্টিনা ও তার সহকর্মী সাংবাদিকদের ওপর চালানো হামলা একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। এএফপি বারবার ইসরায়েলের কাছে এর জবাব চেয়েছে, কিন্তু কেবল নীরবতাই পেয়েছে। আমরা কোনোভাবেই দায়মুক্তির সংস্কৃতি মেনে নিতে পারি না।’
বৃহস্পতিবার সিপিজের ‘প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড’ পাওয়া অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক জাবোলস প্যানি এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ। প্যানি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলের দুর্নীতি নিয়ে অনুসন্ধান করেছিলেন এবং রদ্রিগেজ যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের খবর সংগ্রহের সময় গ্রেফতার হয়েছিলেন।
উল্লেখ্য, সিপিজে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন সংস্থা, যা বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















