ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জনকারী ৮ জন শিক্ষার্থীকে (ট্যালেন্টপুল ৪ জন ও সাধারণ গ্রেডে ৪ জন)সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় পাবনা কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতার ফলে বড়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হলে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























