প্রতীক কুমার উপজেলা প্রতিনিধি উলিপুর কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে ব্রেন টিউমারে আক্রান্ত নগেন চন্দ্রের উন্নত চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
নগেন চন্দ্র উলিপুর পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের পরবা চন্দ্রের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, নগেন ঢাকার নারায়ণগঞ্জে একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করে পরিবারের ভরণপোষণ চালাতেন। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতকে অধ্যয়নরত। পরিবারের সম্পত্তি বলতে বসতভিটার জমি ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই বলে জানিয়েছেন স্বজনরা।
দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নগেনের জমানো অর্থ শেষ হয়ে গেছে। পাশাপাশি সংসারের খরচ ও মেয়ের পড়াশোনার ব্যয় চালিয়ে যাওয়াও পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় নগেনের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।
নগেনের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে দেওয়া নম্বর—
বিকাশ/নগদ: ০১৯২০৯৩৮২০৬
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























