জেলায় বরিশাল বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান, ভেজাল মিশ্রণ রোধকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে বিশেষ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে আমরা যে খাবার গ্রহণ করছি, তা কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এ বিষয়টি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে। আইন অনুযায়ী অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও শাস্তির আওতায় আনার পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করতে হবে। এসময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ প্রসঙ্গে তিনি বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, নগরীর সব বাসস্ট্যান্ড ও গণপরিবহন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্টেশনে পরিত্যক্ত বাস, বাসের সিট ও টায়ারসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সেজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। ডেঙ্গুতে প্রাণহানি রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এসময় তিনি ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের চলমান পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস-মালিক সমিতির প্রতিনিধি, বাজার কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 















