ময়মনসিংহ জেলা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান,লিফলেট বিতরণ, মাইকিংসহ জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রেডক্রিসেন্ট।
ময়মনসিংহে ১২ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দিনব্যাপী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় সংগঠনের সদস্যরা ৬টি গ্রুপে ভাগ হয়ে নগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করে।
এসময় তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিংসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও তদারকি করেন ।
এর আগে সকালে ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স নগরীর টাউন হল মোড় থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নেতৃত্ব দেন । এতে জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি অ্যাড. আনোয়ারুল আজিজ টুটুল, ইউনিট লেভেল অফিসার হায়দার আলীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এ সময় তিনি ডেঙ্গুমুক্ত,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ময়মনসিংহ গড়তে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ অভিযানে সিটি কর্পোরেশনসহ জেলার ১৪ উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রচারপত্র বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















