হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা। ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে উত্তরের এই জেলায়।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত সোমবার (২৬ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি, রোববার (২৫ অক্টোবর) ১৭ ডিগ্রি, শনিবার (২৪ অক্টোবর) ১৭ দশমিক ৭ ডিগ্রি, শুক্রবার (২৩ অক্টোবর) ১৮ দশমিক ৫ ডিগ্রি এবং বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
অর্থাৎ গত বৃহস্পতিবারের তুলনায় আজ তাপমাত্রা কমেছে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা কমার এই প্রবণতায় পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে।
পঞ্চগড়ে ভোরেই দেখা মেলে সূর্যের। দিনভর থাকে ঝলমলে রোদ। তবে সন্ধ্যা নামলেই বদলে যায় আবহাওয়া। বাড়তে শুরু করে শীতের অনুভূতি। রাতের সঙ্গে বাড়ে হিমেল বাতাস, যা ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে। ভোরে খোলা জায়গা ও সড়ক-মহাসড়কে কুয়াশার উপস্থিতিও দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতা থাকায় শীতের অনুভূতিও বাড়ছে। দিনের বেলায় সূর্যের তাপ থাকায় তখন ঠান্ডার অনুভূতি তুলনামূলক কম থাকে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















