নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের রূপালী ব্যাংকের সামনে মুক্তিযুদ্ধ সংসদ, পিরোজপুর সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার ও আব্দুল মান্নান ধরানী।
এ ছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত ১টার দিকে সদর থানা-পুলিশ জেলা জামায়াতে ইসলামীর নেতাদের সহায়তায় মানিক পশারীর মরদেহ বাড়িতে পৌঁছে দেয়। পরে তাঁর স্ত্রী, মেয়ে, বোনসহ পরিবারের সদস্যরা নিজেরাই কবর খনন করেন। রাত ২টার দিকে দাফন সম্পন্ন হয়। এ সময় স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী ছিলেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি যশোর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















