ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সেবা নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। এলাকার পানির সংকট নিরসনে বাইশটেকিতে নতুন একটি পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
আজ রাজধানীর মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, পানি জীবনের অপরিহার্য উপাদান। দৈনন্দিন জীবনযাপনে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম। তাই নগরবাসীর পানির চাহিদা পূরণ এবং নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে।
তিনি বলেন, বাইশটেকি এলাকার পানির সংকট নিরসনে দ্রুত উপযুক্ত স্থান নির্বাচন করে সিটি কর্পোরেশনের অনুমোদন গ্রহণ এবং ঢাকা ওয়াসার মাধ্যমে পাম্প স্থাপনের কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগটি সফল করার জন্য ধন্যবাদ জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনে খালের মাধ্যমে পানি নিষ্কাশনের চলমান প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার সমালোচনা করে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
প্রশাসক বলেন, ‘আমি এই এলাকার সন্তান। নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, সবসময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















