‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে গতকাল মঙ্গলবার রাতে সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ কমিশনার আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ অনুষ্ঠানে প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন।
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান।
রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার কাহারুল ইসলাম জয় স্বাগত বক্তব্য রাখেন। রাজশাহী আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মো. সাইফুল হক সমাপনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটস কার্যক্রমের মাধ্যমে স্কাউটস সদস্যরা নিজেদের সুন্দর করে গড়ে তোলার সুযোগ পায়। তারা মানবতার সেবায় নিয়োজিত থেকে অন্যদের জীবনকেও সুন্দর করছে। আলোকিত এই জনগোষ্ঠিই দেশের অগ্রগামী জনগোষ্ঠি। দেশপ্রেমে উজ্জীবিত স্কাউটস সদস্যরাই আগামীতে দেশের কাণ্ডারী হবে।
ক্যাম্পুরীর অভিজ্ঞতা এবং শিক্ষা স্কাউটস সদস্যদের আরো সেবা ও সখ্যতার বন্ধনে উজ্জীবিত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অংশগ্রহণকারী ইউনিটসমূহের মূল্যায়নে রাজশাহীর প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজ,বগুড়ার দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ টিমের পুরষ্কার অর্জন করে।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮টি জেলা ও ১টি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ২ হাজার ২শ’ জন ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন। ৩০ অক্টোবর থেকে ৬দিনব্যাপী ক্যাম্পুরী আজ শেষ হচ্ছে।
ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্ননির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরী ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























