স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের ধাক্কার মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। শুধু টেস্টই নয়, প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না ডানহাতি এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন ডানহাতি এই তারকা পেসার। এমনকি প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আসন্ন সাদা বলের সিরিজের স্কোয়াডেও হাসান থাকবেন না।
চোট থেকে পুরোপুরি সেরে ওঠা এবং আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার জন্য নিজেকে প্রস্তুত করতে হাসানকে পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তারা জানিয়েছে, এই বিরতি হাসানকে তার পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার এবং সম্ভাব্য সেরা ফিটনেস নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার প্রয়োজনীয় সুযোগ করে দেবে।
আগামী ২৩ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরপর তারা আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে। সফরের শেষদিকে দু’দল তিনটি টি-টোয়েন্টিতে লড়বে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।
প্রোটিয়ারা ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে বিশ্রামে রাখা হয়েছে সিনিয়র বেশিরভাগ ক্রিকেটারকে। বাংলাদেশ এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেনি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















