চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত ৪১০ বস্তা ইউরিয়া সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি উপকূলীয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করা হয়।
জব্দকৃত সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তবর্তী জলসীমায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























