নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় গ্রেপ্তার বাকি দুই সাংবাদিক হলেন- একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে দুই মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি বলেন, এ মামলায় মোট তিনজন আসামি। তিনজনই গ্রেপ্তার রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় প্রয়োজন। পরে আবেদনটি মঞ্জুর করে ২০২৭ সালের ৫ জানুয়ারি দিন ঠিক করেন আদালত।
এর আগে, ২৪ আগস্ট তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা। এসব উসকানি ও প্ররোচনার ধারাবাহিকতায় জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















