নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক বলেছেন, ‘আপা আবার মেহমানদারি করার জন্য বাংলাদেশে আসতে চান। আমরাও তাঁকে আহ্বান জানাই, আসুন—আমাদের ৪০ হাজার আহত ও পঙ্গু নেতাকর্মী এবং যারা শাহাদাতবরণ করেছেন, তাঁদের জীবন ফিরিয়ে দিন। বাংলাদেশের মানুষ গ্রহণ করলে আবার লাল পতাকা নিয়ে আসুন, আমাদের আপত্তি নেই।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পিরোজপুরে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং গণভোটের দাবি মেনে নেওয়ার আহ্বানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেলে পিরোজপুর বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন।
পিরোজপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সমাবেশে জহিরুল হক আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের তাণ্ডবের পাশাপাশি প্রশাসনের অবহেলাও দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের কথা ভুলে যায়নি। মানুষ এখন শান্তিতে বসবাস করতে চায়। কোনোভাবেই সেই শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ভিন্নমত ও আদর্শে বিভক্ত হলেও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে সবাই এক ও অভিন্ন।
সরকারের প্রতি গণভোটের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জহিরুল হক বলেন, দাবি মেনে না নিলে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসবে। এ ছাড়া কোথাও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে পাওয়া গেলে তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে পিরোজপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম,পৌর জামায়াতের আমির ইসহাক আলী খান, সেক্রেটারি আল আমিন শেখসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















