মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার চারটি উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না।
তিনি বলেন, এখানকার সব কাঁচা রাস্তা পাকা করাসহ পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
আজ জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গত জাতীয় নির্বাচনে যারা ধানের শীষে ভোট দিয়েছেন, তাদের সবাইকে বিএনপির পতাকাতলে এনে দলের সদস্য করার উদ্যোগ নিতে হবে।
এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, এভাবে দলীয় সমর্থকদের সদস্যপদ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি-কে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করার জন্য তাদের ভালোবাসা ও সমর্থনের স্বীকৃতি দিতে চান।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ যাচাই-বাছাই ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান মন্ত্রী।
ডা. জাহিদ বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে সাত মাসের মেয়াদ পূর্ণ করেছে।
তিনি বলেন, বিএনপি সরকার মাত্র সাত মাস পূর্ণ করেছে। সরকারের দেশব্যাপী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার চারটি উপজেলায় সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশানসহ সব ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়নকাজ করা হবে।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের সময় আমরা আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। তখন আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না; প্রতিটি পরিবারকে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিতে হবে।
সমাকল্যাণমন্ত্রী আরো বলেন, সরকার শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি সন্তানরা যাতে মাদকের কবলে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে।
সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত সামাজিক উদ্যোগ গ্রহণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি মো. আতিউর রহমান রাজা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ফতেহ এবং স্থানীয় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান ও মো. আশরাফুল কবির।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















