আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ৩৯ বছর আগে এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক উত্তাল মুহূর্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল যুবনেতা নূর হোসেনের রক্তে। তাঁর বুকে-পিঠে সাদা রঙে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’—এই আটটি শব্দ কেবল একটি সাময়িক স্লোগান ছিল না, তা ছিল শৃঙ্খলিত একটি জাতির মুক্তির আকুল আকুতি।
কালের পরিক্রমায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান আমরা প্রত্যক্ষ করেছি, তা মূলত নূর হোসেনের সেই অসমাপ্ত লড়াইয়েরই এক ঐতিহাসিক ও চূড়ান্ত ধারাবাহিকতা। তবে চার দশক পর এসে আজ আমাদের আত্মোপলব্ধি, জনগণের অধরা চাওয়া-পাওয়া এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর—বিশেষ করে ক্ষমতার অন্যতম প্রধান দাবিদার বিএনপির ঐতিহাসিক দায়বদ্ধতা ও জবাবদিহিতা হিসাব মেলানোর এক বড় সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে।
ইতিহাসের এক অদ্ভুত ও নির্মম পুনরাবৃত্তি আমরা দেখলাম চব্বিশের গণ-আন্দোলনে। নূর হোসেন যেভাবে স্বৈরশাসক এরশাদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে আবু সাঈদ কিংবা মুগ্ধরা বুক পেতে দিয়েছিলেন বিগত আওয়ামী ফ্যাসিবাদের বুলেটের সামনে। নূর হোসেন ছিলেন একজন সাধারণ মোটরচালক, আর চব্বিশের আন্দোলনেও বুক পেতে দিয়েছেন সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী, রিকশাচালক ও মেহনতি মানুষ। এই মিল একটি সত্যকে বারবার প্রতিষ্ঠিত করে—বাংলাদেশের সাধারণ মানুষ সাময়িকভাবে নিস্পৃহ থাকলেও কখনোই অন্যায়, জুলুম ও স্বৈরাচারকে চিরকাল মেনে নেয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রতিবার বুকের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটলেও, সাধারণ মানুষের জীবনযাত্রার ভাগ্য কি আদেও বদলেছে? নাকি ক্ষমতার একচেটিয়া পালাবদলে শুধু শাসকের চেয়ার আর চেহারাটাই বদলেছে বারবার?
এই মৌলিক প্রশ্নের সূত্র ধরেই আজকের নতুন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওপর এক বিশাল রাজনৈতিক ও ঐতিহাসিক দায় চেপে বসেছে। বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের অমানবিক দমন-পীড়ন, গুম, খুন ও হাজারো মামলার শিকার হওয়া বিএনপি চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে রাজসাক্ষী হয়ে লড়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর, পরিবর্তিত এই নতুন পরিস্থিতিতে দলটির প্রতিটি পদক্ষেপ এখন জনগণের আতশিকাচের নিচে। নূর হোসেন যে মুক্ত ও জবাবদিহিমূলক গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন এবং চব্বিশের তরুণরা যে বৈষম্যহীন সাম্যের আকাঙ্ক্ষায় বুক পেতে দিয়েছিল—তাঁদের সেই রক্তের প্রতি বিশ্বস্ত থাকা এখন বিএনপির জন্য সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা।
জনগণ এখন আর কোনো মুখের কথায় ভুলতে রাজি নয়; তারা স্পষ্ট দেখতে চায় বিএনপি কি অতীতের সেই চেনা রাজনৈতিক সংস্কৃতির বৃত্তেই ঘুরপাক খাবে, নাকি একটি প্রকৃত অর্থবহ সংস্কার ও জবাবদিহিতামূলক নতুন ধারা তৈরি করবে? ৫ আগস্টের পর মাঠপর্যায়ে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি, কিংবা দলীয়করণের যে সব অভিযোগ উঠেছে, তার পুনরাবৃত্তি রোধে দলটিকে শুধু লোকদেখানো বিবৃতি না দিয়ে কঠোরতম সাংগঠনিক অবস্থান ও অ্যাকশন প্রমাণ করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ায় বিএনপির ভূমিকা যেন কেবল ক্ষমতা পাওয়ার তাড়াহুড়োয় রূপ না নেয়, বরং প্রতিষ্ঠানগুলোকে চিরতরে ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত করার জাতীয় ঐকমত্যে পরিণত হয়—সেটাই আজ জনগণের মূল প্রত্যাশা। দেশের অন্যতম প্রাচীন ও বড় দল হিসেবে বিএনপিকে এটি আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে, তারা কোনো নব্য স্বৈরাচারী শূন্যতা পূরণের শক্তি নয়, বরং জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করার প্রকৃত পাহারাদার।
গণতন্ত্র কেবল ভোটের বাক্সে বা একদিনের উৎসবে সীমাবদ্ধ থাকলে সাধারণ মানুষের কোনো লাভ হয় না; তার প্রথম প্রতিফলন ঘটতে হয় সাধারণ মানুষের ডাল-ভাতের সংস্থানে, পেটের শান্তিতে। বর্তমান বাংলাদেশে সাধারণ মানুষের সবচেয়ে বড় ক্লান্তি ও দুর্ভোগের নাম অর্থনৈতিক অনটন। আকাশচুম্বী দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ আজ পুরোনো বা নতুন রূপের বাজার সিন্ডিকেটের অবসান চায়। তরুণ প্রজন্ম চায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোটামুক্ত, বৈষম্যহীন এক কর্মসংস্থানের সুনিশ্চিত পরিবেশ। রাষ্ট্রে ভিআইপি কালচার আর ধনী-দরিদ্রের পাহাড়সম বৈষম্য বজায় রেখে শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ কোনোভাবেই বিনির্মাণ করা সম্ভব নয়।
এই সামাজিক ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করার ক্ষেত্রে ভাবি শাসক দল হিসেবে বিএনপির সুস্পষ্ট রোডম্যাপ ও রূপরেখা কী—তা এখনই জনগণের সামনে পরিষ্কার হওয়া জরুরি।
নূর হোসেনের ৩৯তম শাহাদাত বার্ষিকীতে এবং চব্বিশের উত্তর-অভ্যুত্থানের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের জাতীয় অঙ্গীকার হোক সুদৃঢ়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া এবং প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি যেন কেবল গালভরা বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষাকে স্পর্শ করতে পারে। আবু সাঈদ, মুগ্ধ আর নূর হোসেনদের রক্ত যেন আর কখনো ক্ষমতার লোভী রাজনীতির বেড়াজালে অপচয় না হয়, তা নিশ্চিত করার এখনই সময়। স্বৈরাচার সত্যি নিপাত যাক এবং এই রক্তস্নাত বাংলায় গণতন্ত্র এবার রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ দায়িত্বশীলতায় ও আত্মশুদ্ধিতে তার কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক মুক্তি পাক—এটাই হোক আজকের প্রত্যাশা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















