পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে ৫ লাখ টাকা জরিমানা এবং ৩টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ মঙ্গলবার বিএসটিআইয়ের মোবাইল কোর্ট চলাকালে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
বিএসটিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানকালে রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে।
জ্বালানি তেল পরিমাপে এ ধরনের প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















