প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে লাখো মুসল্লির অংশগ্রহণ মোনাজাত শেষে ১১২টি মাদানি কাফেলার সফর শুরু
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬: আমিন আমিন ধ্বনি, অশ্রুসিক্ত চোখ আর মহান রবের দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামী বাংলাদেশের তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ইজতেমার সুবিশাল প্যান্ডেলের ভেতরে ও বাইরে লাখো মুসল্লি শেষ পর্যন্ত অবস্থান করেন। জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৬ সালের এ সুন্নাতে ভরা ইজতেমার সমাপ্তি ঘটে। মোনাজাতে অংশগ্রহণকারীরা দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এ সময় পুরো ইজতেমা ময়দান ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।
আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী সারা বিশ্বের নিগরান আল্লামা ইমরান আত্তারী। এর আগে জুমার নামাজে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রাযা আত্তারী আল মাদানী।
জুমার নামাজের আগে মূল বয়ান করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী। ইজতেমার শেষ দিন শুক্রবার সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত দাওয়াতে ইসলামীর মুবাল্লিগরা কোরআন ও হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
বয়ানে ইসলামী শরীয়তের বিধি-বিধান, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও অধিকার, আল্লাহভীতি, জুলুম-অত্যাচারের পরিণতি, নামাজের গুরুত্ব, বেনামাজির ভয়াবহ পরিণতি, ব্যভিচার থেকে আত্মরক্ষা, মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসব বয়ানের ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় হামদ, নাত ও দোয়া-মোনাজাত।
শেষ দিনের ধারাবাহিক বয়ান করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ কাওসার আত্তারী। বয়ানে আল্লাহর নির্দেশিত পথে চলা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের প্রতি গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত। ইসলামের বিধান অনুসরণ ও সুন্নাতের আলোকে জীবন পরিচালনার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন সম্ভব।
তারা আরও বলেন, আল্লাহপাক ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসা মানুষের নিয়ত, চিন্তাধারা ও কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়া উচিত। প্রত্যেক মানুষের কাছে ইসলামের নেকির দাওয়াত পৌঁছে দিয়ে সুন্দর ও কল্যাণময় পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়। শরীয়ত অনুযায়ী যথাযথভাবে নামাজ আদায়ের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ইজতেমা সফলভাবে সম্পন্ন হওয়ায় দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আল্লাহর রহমতে সুন্দরভাবে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা শেষ হয়েছে। আয়োজনের সহযোগিতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর-মাশায়েখ ও আশেকে রাসুলদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে। বাস্তব জীবনে এসব শিক্ষা কাজে লাগাতে পারলেই ইজতেমার প্রকৃত সার্থকতা।
তিনি প্রত্যেক মানুষের কাছে ইসলামের নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
গত বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয় তিন দিনব্যাপী এ সুন্নাতে ভরা ইজতেমা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকানে রাসুল (সা.) অংশগ্রহণ করেন। তিন দিন তিন রাত ধরে বিষয়ভিত্তিক বয়ান, হামদ-নাত, দোয়া ও ইবাদতের মাধ্যমে ইজতেমা ময়দানে মাদানি পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ইজতেমায় বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। দাওয়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনব্যাপী ইজতেমায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আখেরি মোনাজাত শেষে ইসলামের নেকির দাওয়াত পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে তিন দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬৩ দিনের সফরে বের হন দাওয়াতে ইসলামীর ১১২টি মাদানি কাফেলা।
প্রিন্ট
হাফসা আক্তারঃ 




















