ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ বছর পর দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি জেনিফার বা তার কথিত হবু স্বামী উইলিয়াম ইসমাইল।
প্রতিবেদন অনুযায়ী, জেনিফারের হবু বর সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইল। দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে রয়েছেন এবং বিষয়টি জনসমক্ষে আনেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গায়ে হলুদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিয়ের আলোচনা নতুন করে জোরালো হয়।
জানা গেছে, গত ৪ জুলাই ভারতে পারিবারিক আয়োজনে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাইরাল হওয়া ভিডিওতে গাঁদা ফুল দিয়ে সাজানো অনুষ্ঠানস্থল এবং ‘হালদি’ লেখা ব্যাকড্রপ দেখা যায়। যদিও নিরাপত্তাজনিত কারণে ভিডিওতে বর-কনেকে স্পষ্টভাবে দেখা যায়নি।
গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের একটি গির্জায় খ্রিস্টীয় রীতিতে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে হওয়ার কথা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। বিয়ের জন্য জেনিফার একটি কাস্টম-মেড সাদা ব্রাইডাল গাউন বেছে নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এটি জেনিফার উইঙ্গেটের দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে তিনি অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। তবে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন আড়ালে রেখে অভিনয়জীবনেই মনোযোগী ছিলেন তিনি।
দ্বিতীয় বিয়ের খবরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও, জেনিফার উইঙ্গেট বা উইলিয়াম ইসমাইলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিয়ের আনুষ্ঠানিক ছবি বা বিবৃতির অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























