জেলার শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. হানিফ ব্যাপারী (৭০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামিম পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকসহ তিনটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক হানিফ ব্যাপারী গুরুতর আহত হন। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হানিফ ব্যাপারী উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে।
দুর্ঘটনায় আহত সুরমা বেগম (৩৫) খোন্তাকাটা গ্রামের, মো. হানিফ হাওলাদার (৪৫) রাজৈর গ্রামের এবং মো. সোহেল হাওলাদার চালিতা বুনিয়া গ্রামের বাসিন্দা।
শরণখোলা থানার উপপরিদর্শক উদয় শঙ্কর বাসস’কে জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইকসহ সংশ্লিষ্ট যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















