বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আগামী ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হচ্ছে ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬’। এতে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১০০ প্রতিযোগী অংশ নেবেন।
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক সংযোগ তৈরির লক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে বিটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান জানান, আগামী ৯ অক্টোবর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় দিনব্যাপী এ দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯ টায়।
এর আগে গত ৩০ সপ্টেম্বর থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন শুরু হয়। এতে প্রায় ১০০ জন নিবন্ধন করেছে।
তিনি জানান, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘অভিজ্ঞতার কথা শুনুন, বাস্তব পরিবর্তন আনুন’-কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, পারস্পরিক সংযোগ এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।
ডিইউসিসি’র সভাপতি ফারিহা সুমনা জানান, দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনূর্ধ্ব-২৭ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সর্বোচ্চ ১০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সুইস সিস্টেম পদ্ধতিতে মোট ৭ রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি খেলায় র্যাপিড ১০+৫ সময় নিয়ন্ত্রণ থাকবে।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় ইউনিভার্সিটি সেগমেন্ট ও স্কুল-কলেজ সেগমেন্ট- দুটি বিভাগ থাকবে। উভয় বিভাগে চ্যাম্পিয়ন ৮ হাজার টাকা, প্রথম রানারআপ ৬ হাজার টাকা, দ্বিতীয় রানারআপ ৫ হাজার টাকা এবং চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রত্যেকে ৩ হাজার টাকা করে পুরস্কার পাবেন। ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য থাকবে মেডেল। দুই বিভাগ মিলিয়ে মোট প্রাইজ পুল ৫০ হাজার টাকা।
এছাড়া অংশগ্রহণকারীদের জন্য খাবার, টি-শার্ট ও সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ড ও সামাজিক সংযোগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
বিটিএফের মিডিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল সরকারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিইউসিসি’র সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকিব হাসান প্রমুখ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























