রাজধানীর মৃধাবাড়ি ওয়াসা থেকে কাজলা পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
এ সময় অবৈধভাবে দোকান পরিচালনা ও সড়কে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএসসিসি এই অভিযান পরিচালনা করে।
ডিএসসিসির ৬৩ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ি ওয়াসা থেকে কাজলা পর্যন্ত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে রাখা মালামাল অপসারণ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অভিযানকালে স্থানীয় বিএনপি নেতা নবী উল্লাহ নবী এবং যাত্রাবাড়ী থানার টিআই সাইফুল ইসলাম ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডেমরা পুলিশ ব্যারাকের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন।
ডিএসসিসি জানায়, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি পথ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, দোকান পরিচালনা কিংবা সড়কে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















