‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগ দাউদকান্দি জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুউদ্দিন, দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) এশরাদ হুসাইন, এপিআই মতিন সৈকত, নিসচা’র সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শেলিনা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর একই বছরের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সামাজিক আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালের ৫ জুন সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে ২০১৮ সাল থেকে প্রতিবছর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।
তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সড়কের অব্যবস্থাপনা দূর করা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নিরাপদ সড়ক চাই, দাউদকান্দি উপজেলা প্রশাসন, দাউদকান্দি হাইওয়ে পুলিশ, দাউদকান্দি মডেল থানা, জেলা ট্রাফিক পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, দাউদকান্দি ফায়ার সার্ভিস, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন পরিবহন ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















