জেলার তিতাস নদীতে মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহতকারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
গতকাল বুধবার তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে জব্দ এসব জাল পৌর এলাকার আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধংস করা হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার আনন্দবাজার ঘাট থেকে শুরু হয়ে অভিযান চলে ভাদুঘর এলাকা পর্যন্ত।
অভিযানকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় নদীর তীরবর্তী জেলে পল্লীতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করতে সতর্ক করা হয়। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন ও বংশবৃদ্ধি স্বাভাবিক রাখতে এসব জালের ব্যবহার বন্ধের আহ্বান জানান তারা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী’ বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা ভূঁইয়া।
এছাড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















