আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেন।
এর আগে, ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ১১ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় ট্রেন দুটি বাণিজ্যিকভাবে পরিচালনা ও উদ্বোধনী ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে অনুরোধ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ১৯ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ছেড়ে যাবে। পথে ট্রেনটি শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনী ট্রেনের টিকিট কেবল পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ট্রেন সার্ভিসের উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণের পর ঢাকায় ফেরার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য, পাবনা জেলার সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ডব্লিউজেসি ও দুটি (ডঔঈঈ) কোচের আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের নির্দেশনায় আরও বলা হয়, ভারসাম্য বজায় রাখার জন্য ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেনটি পরিচালনা করা হবে। পরদিন ২০ নভেম্বর ঢাকা থেকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের মাধ্যমে ৮০৮/৮০৭ নম্বর আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এ নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ ট্রেন সার্ভিস চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে। বিশেষ করে পাবনা, ঈশ্বরদী ও আশপাশের এলাকার যাত্রীদের ঢাকায় যাতায়াতে রেলপথে নতুন সুযোগ তৈরি হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















