আগামীকাল বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। থ্রি লায়ন্সদের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন এই তারকা স্ট্রাইকার।
ওয়েম্বলিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে নেমে ১২৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কেইন। এর মধ্য দিয়ে ১৯৯০ সাল থেকে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের দখলে থাকা রেকর্ডটি ছাড়িয়ে যাবেন তিনি।
বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের জন্য গত ১২ মাস ছিল অসাধারণ সাফল্যে ভরা। গত অক্টোবরে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন তিনি। স্মরণীয় আরেকটি অর্জনের মধ্য দিয়ে স্বপ্নের বছরটি আরও বর্ণিল করে তুলতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী কেইন।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নেওয়া হবে তার স্মরণীয় বছরের আরেকটি বড় অর্জন। একই সঙ্গে এটি তার অসাধারণ ধারাবাহিকতা ও দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলার সক্ষমতারও স্বীকৃতি।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯১ গোলের রেকর্ডও কেইনের দখলে। টটেনহ্যামের ইতিহাসেও সর্বোচ্চ ২৮০ গোল করেছেন তিনি।
শৈশবের ক্লাব টটেনহ্যাম ছেড়ে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর নিজের খেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কেইন। জার্মান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৫৬ গোল করেছেন তিনি। ২০২৫ ও ২০২৬ সালে বুন্দেসলিগা শিরোপা জিতে ক্যারিয়ারের প্রথম বড় ট্রফির স্বাদও পেয়েছেন।
নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও আরও পরিণত হয়েছেন কেইন। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড কোচ থমাস টাচেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে নিজের অসন্তোষ স্পষ্টভাবে জানিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল।
১-০ গোলের লিড ধরে রাখতে টাচেল ইংল্যান্ডের রক্ষণভাগে বেশি খেলোয়াড় রেখেছিলেন। তবে শেষ দিকে সেই সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন অপূর্ণ থেকে যায় কেইনের।
সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির আগে টাচেলের সঙ্গে কৌশল নিয়ে আলোচনায় দলের নেতৃত্ব দেন কেইন। সেখানে নিজের মতামত জোরালোভাবে তুলে ধরেছিলেন তিনি।
ইংল্যান্ড দলে কেইনের সতীর্থ এবং বুন্দেসলিগায় প্রতিপক্ষ হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে বায়ার লেভারকুসেনের ডিফেন্ডার জ্যারেল কুয়ানসার। তাই এই স্ট্রাইকারের প্রতি তার বিশেষ শ্রদ্ধা রয়েছে।
১৯৯৬ সালে ম্যাথিয়াস সামারের পর প্রথম বুন্দেসলিগার খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন কেইন।
বিবিসিকে কুয়ানসা বলেন, ‘সত্যি বলতে, পুরো বুন্দেসলিগাই দারুণ খুশি। অনেক দিন ধরে এখানকার কোনো খেলোয়াড় এই পুরস্কার জেতেননি। সবাই তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তার সামর্থ্য সম্পর্কে সবারই ধারণা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তার বিপক্ষে খেলাটা ভীতিকর। কেউই তার মুখোমুখি হতে চায় না। প্রায় প্রতি সপ্তাহেই তার গোল করার সম্ভাবনা থাকে। তার সামর্থ্য সম্পর্কে সবাই জানে। বিভিন্ন দলের সমর্থকদের কাছ থেকেও সে বেশ ভালো অভ্যর্থনা পেয়েছে, যা সব সময়ই আনন্দের।’
২০১৫ সালে লিথুয়ানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে মাত্র ৭৯ সেকেন্ডের মধ্যে গোল করেছিলেন কেইন। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল কেইনের। সেই শুরু থেকেই জাতীয় দলের হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।
ইংল্যান্ডের প্রথম পুরুষ অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক কোনো শিরোপা জিততে চান কেইন। ১৯৬৬ সালে ববি মুরের পর আর কোনো ইংলিশ অধিনায়কের হাতে আন্তর্জাতিক ট্রফি ওঠেনি।
তবে এরই মধ্যে ২০২১ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের হতাশা সঙ্গী হয়েছে তার।
শিরোপা জয়ের স্বপ্নের বাইরেও দলের সঙ্গে কেইনের আচরণ ও নেতৃত্বের ধরন মুগ্ধ করেছে কুয়ানসাকে। ইংল্যান্ডের কিংবদন্তি হিসেবে কেইনের অবস্থান নিয়ে তার কোনো সংশয় নেই।
কুয়ানসার ভাষায়, ‘তিনি একজন খাঁটি পেশাদার। সবকিছুই করেছেন। মাঠের বাইরেও তিনি যে মানদন্ড তৈরি করেছেন, সেটিই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘দলীয় মিটিংয়ে সবার আগে তিনিই উপস্থিত হন। দলের সবাই একসঙ্গে হওয়ার অপেক্ষায় থাকেন। কখনোই সতীর্থদের কোনো কিছু একা করতে দেন না। সব মিলিয়ে তিনি সত্যিকারের একজন মহান অধিনায়ক।’
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























