অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন। অন্যদিকে পেসার আর্শদীপ সিং বিপরীত পথে মুম্বাইয়ে যাচ্ছেন। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ তথ্য জানিয়েছে। আইপিএল’র বিনিময় চুক্তির আওতায় এই দুই খেলোয়াড় দল পরিবর্তন করছেন বলে বিসিসিআই জানিয়েছে।
মুম্বাইয়ের হয়ে চারবার আইপিএল শিরোপা জেতা পান্ডিয়া ১৯ লাখ ডলারে পাঞ্জাবে যোগ দিচ্ছেন। অন্যদিকে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি আর্শদীপও একই অর্থে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ে যোগ দিচ্ছেন।
এই চুক্তির মধ্য দিয়ে মুম্বাইয়ে পান্ডিয়ার দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটছে। ২০১৫ সালে প্রথমবার দলটিতে যোগ দেওয়ার পর মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জিতেছেন তিনি।
২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন পান্ডিয়া। অভিষেক মৌসুমেই দলটিকে শিরোপা জেতান তিনি। এরপর ২০২৪ সালে অধিনায়ক হিসেবে আবারও মুম্বাইয়ে ফেরেন।
৩৩ বছর বয়সী পান্ডিয়া আইপিএলে ১৬২ ম্যাচ খেলে ২ হাজার ৯৫৫ রান ছাড়াও এবং শিকার করেছেন ৮২ উইকেট। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
অন্যদিকে ২৭ বছর বয়সী আর্শদীপের পাঞ্জাব অধ্যায়ের ইতি ঘটছে। ২০১৯ সালে আইপিএল অভিষেকের পর ফ্র্যাঞ্চাইজিটির হয়ে টানা আট মৌসুম খেলেছেন তিনি।
পাঞ্জাবের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি আর্শদীপ। ৯৬ ম্যাচে তার শিকার ১১১ উইকেট।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























