ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১১ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা।
অধ্যাপক সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন সৎ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক এবং গবেষক।
তিনি বলেন, এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করবে এবং তাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে সহায়তা করবে। প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীনের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাশাহুদ আহমেদ রাফিম, অর্জিতা সূত্রধর, মো. আকতারুল ইসলাম, মো. তাহমিদুল আলম, নাওশিন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মো. ফাহিম হাসান মাহদী, অনুস্কা ব্যানার্জী এবং আলী হাসান ওয়াহিদ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















