ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) তাকে নেত্রকোনা থেকে গ্রেফতার করে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচার চলাকালে কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। তিনি রাজধানীর দক্ষিণখান থানার গার্মেন্টস কর্মী আলো হত্যা মামলার আসামি।
গত ১০ নভেম্বর গার্মেন্টস কর্মী আলো হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কাউসারকে আদালতে হাজির করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে তাকে কাঠগড়ায় রাখা হয়। দুপুরে আদালতের কার্যক্রম শেষে তাকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যের নজর এড়িয়ে হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















