ব্যাপক গণবিক্ষোভের মুখে ২০২৩ সালে বন্ধ হয়ে যাওয়া বিশাল উন্মুক্ত তামার খনিটি পুনরায় চালুর বিষয়ে কানাডার একটি খনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে পানামা। সোমবার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মুলিনো জানান, কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট কোয়ান্টাম মিনারেলসের পরিচালনাধীন ‘কোব্রে পানামা’ খনিটি পুনরায় চালুর লক্ষ্যে আলোচনা হবে। একসময় এই খনি থেকে উৎপাদিত তামা পানামার মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ এবং দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান অবদান রাখত।
খনিটি বন্ধ করে দেওয়ার কারণে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২৭ বিলিয়ন ডলার দাবি করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ পানামার মোট জিডিপির প্রায় ৩০ শতাংশের সমান।
সরকারের একটি কমিশন বিতর্কিত এই খনিটি পুনরায় চালুর সুপারিশ করেছে। কমিশনের মতে, খনিটি চালু করা গেলে এর মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান হবে, যা খনিটি যথাযথভাবে বন্ধ করার কাজে ব্যবহার করা যেতে পারে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছরও লেগে যেতে পারে।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুলিনো কানাডীয় প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা মিনেরা পানামার সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্তের কথা জানান। তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
২০২৩ সালে পানামার সুপ্রিম কোর্ট খনিটির ইজারা চুক্তিকে অসাংবিধানিক ঘোষণা করেন। আদালতের মতে, চুক্তিটি পরিবেশ সুরক্ষা এবং সরকারি দরপত্রসংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করেছে।
এর আগে খনির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে মধ্য আমেরিকার দেশটির বিভিন্ন এলাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল।
তবে তিন বছর পর খনিটির আশপাশের এলাকার কিছু বাসিন্দা এখন এটি পুনরায় চালুর দাবি জানাচ্ছেন। তাদের যুক্তি, খনিটি বন্ধ হয়ে যাওয়ায় ওই অঞ্চলের হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















