সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটটি নানান সংকটে ভুগছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীর প্রায় তিন-চতুর্থাংশ পদ শূন্য রয়েছে।
এছাড়া প্রায় ৬ বছর আগে ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং কোর্সটিও বন্ধ হয়ে গেছে। বর্তমানে মাত্র ২টি কোর্স চালু রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৈত্রিক এলাকা ফেনী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সালে ২য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বেগম খালেদা জিয়ার আগ্রহে ফেনী শহরতলীর রাণীরহাট সংলগ্ন স্থানে দেশের একমাত্র সরকারি কম্পিউটার ইনস্টিটিউট স্থাপন করা হয়।
২০০৩ সালে ৬ অক্টোবর থেকে এই প্রতিষ্ঠানের প্রায় ২ একর জায়গায় প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
২০০৬ সালের ৭ জুন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। একই দিন তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজও উদ্বোধন করেন।
এর আগে ২০০৫ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠানটি সরকারি স্বীকৃতি পায়। এখানে শুরু থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৩টি কোর্স (ডিটিএনটি, সিএসটি ও টিটিসি) চালু হয়।
ইনস্টিটিউটের অফিস সূত্রে জানা যায়, এই প্রতিষ্ঠান থেকে ৩২৬৬ জন শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স ও ১৭৫০ জন শিক্ষার্থী শর্ট কোর্স সম্পন্ন করে।
এদের মধ্যে অন্তত ৪৫০ জন সরকারি চাকরিতে, ৩৫০০ জন ব্যাংকসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং অন্তত ২১৮ জন করপোরেট উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হন।
এদিকে, ২০২১ সালের দিকে ‘ডিটিএনটি’ (ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং) কোর্সটি বন্ধ হয়ে যায়।
বর্তমানে সিএএসটি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি) ও টিসিটি (টেলি-কমিউনিকেশন টেকনোলজি) কোর্সে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
শিক্ষক-কর্মচারী সংকটে এই ২টি কোর্সও জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বাসসকে জানান, শিক্ষক-কর্মকর্তার ৬৩ পদের মধ্যে মাত্র ১৭ জন কর্মরত আছেন। ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৯৯ পদের মধ্যে আছেন মাত্র ২৬ জন। এতে করে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হয়।
এছাড়া প্রতিষ্ঠানের মাঠ না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠের জন্য প্রায় এক একর জায়গা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই মাটি ভরাটসহ আনুষাঙ্গিক বরাদ্দ না পাওয়ায় মাঠটি প্রস্তুত করা যায়নি।
তিনি আরও বলেন, অডিটোরিয়াম না থাকায় প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কার্যক্রম ও আচার অনুষ্ঠান স্বল্প পরিসরে করতে হয়।
প্রতিষ্ঠানের জন্য ৬ তলা একটি একাডেমিক ভবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে ‘ডিটিএনটি’ কোর্স পুনরায় চালু করা ছাড়াও রোবটিক্স অ্যান্ড আর্টিফেসিয়াল ইন্টিলিজেন্স, সাইবার সিকিউরিটি, মেকাট্রনিক্স, ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বাসসকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার নিজ জেলা হওয়ায় পতিত সরকার আমলে ফেনী সকল ক্ষেত্রেই উন্নয়ন বৈষম্যের শিকার হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সকল সমস্যা সমাধানে বর্তমান প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কার্যকরী পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বাসসকে বলেন, প্রতিষ্ঠার ২০ বছরেও এই ধরনের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মাঠ ও অডিটরিয়াম না হওয়া খুবই দুঃখজনক। রাজনৈতিক প্রতিহিংসাবশত বিগত সরকার আমলে এই প্রতিষ্ঠানটিকে সব দিক থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা খুব শিগগিরই এসব সমস্যা সমাধানে এবং এই প্রতিষ্ঠানকে জাতীয়মানে উন্নীত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবো।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















