জাকির হোসেন:
জেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ চাকরি মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
আয়োজকরা জানান, চাকরি মেলার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে আকর্ষণীয় বেতনে প্রায় ৫০০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষে আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিকভাবে মৌখিক সাক্ষাৎকারও নেওয়া হয়।
মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি), সেলস এক্সিকিউটিভ (শোরুম সেলস), ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার পদে প্রার্থী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী এ মেলায় অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ জেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং স্থানীয় মানবসম্পদকে জাতীয় পর্যায়ের শিল্পপ্রতিষ্ঠানে যুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।