জাকির ফরাজী, পিরোজপুর:
পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ বরিশাল সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গ্রেপ্তার জনির বিরুদ্ধে বরিশাল মহানগরের কাউনিয়া থানায় ২০২০ সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এ ছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর জনিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















