সিটিজেন প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো সময়ে তিনি যেকোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।
দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা রাজনীতি নাম লেখাচ্ছেন। এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নতুন দলে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। তবে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টার পদ থেকে পদত্যাগেরও কোনো সিদ্ধান্ত নেইনি।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটি আকাঙ্ক্ষা আছে, যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে, কোন রাজনৈতিক দলে যুক্ত হব, তা নির্ধারণের সময় এখনও আসেনি।
উপদেষ্টা আসিফ আরও বলেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যে যুক্ত হতে হবে তা কিন্তু নয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























