মোঃ সিমান্ত তালুকদারঃ
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি ঘোষণা
রাষ্ট্রসংলাপ ফোরাম—SDF-এর উদ্যোগে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, বর্তমান সরকারের দায়িত্বে অবহেলা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সভাপতি আনম আয়াস বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয়। গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন, জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব প্রকাশ, অপরাধের দ্রুত বিচার, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য জনগণের সাধ্যের মধ্যে রাখা এবং প্রবাসীদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তারা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠালেও দেশে ফেরার সময় বিমানবন্দরে হয়রানি, লাগেজ নিরাপত্তা, ইমিগ্রেশনে দুর্ব্যবহারসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রবাসীদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিমানবন্দরসহ রাষ্ট্রীয় প্রতিটি সেবায় প্রবাসীদের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সচেতন। তাদের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। জনগণের অধিকার ও আকাঙ্ক্ষার প্রতি রাষ্ট্রকে সম্মান দেখাতে হবে। অন্যথায় জনগণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে অবস্থান নিতে বাধ্য হবে।
কেন্দ্রীয় সভাপতি বলেন, “বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার চায়। কোনো আধিপত্য, অন্যায় বা বৈষম্যের কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না।”
রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর ৪ দফা দাবি:
১. গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন
গণভোট ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ডিসেম্বরের মধ্যে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও সংশ্লিষ্টদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে।
২. নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব প্রকাশ
সরকারদলীয় ও বিরোধীদলীয় এমপি-মন্ত্রীদের সম্পদ, নগদ অর্থ ও অন্যান্য সম্পদের বর্তমান অবস্থার সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা পূর্বের তথ্যের তুলনামূলক হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে।
৩. নিষিদ্ধ সংগঠনের অভিযুক্ত নেতাকর্মীদের বিচার দ্রুত সম্পন্ন
গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. বিদ্যুৎ ও জ্বালানির দাম জনগণের সাধ্যের মধ্যে আনা
জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পুনর্বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর কেন্দ্রীয় সভাপতি আনম আয়াস, সিনিয়র সহ সভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, সহ সভাপতি আলভি আন নাবিল এবং সহ সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী।
এ সময় উপস্থিত ছিলেন মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, সংগঠক আব্দুল আউয়াল রিদয়, আবু নোমান, মোঃ রাহাতসহ রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর অন্যান্য নেতৃবৃন্দ।
রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF) জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















