ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড আবুধাবিতে ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডযুক্ত নতুন একটি আবাসন প্রকল্পের বাড়ির মালিক হয়েছেন। হালান্ড নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নরওয়ের এই ফুটবলার তাঁর পরিবারের জন্য পাঁচ শয়নকক্ষের বিলাসবহুল একটি ভিলা কিনেছেন।
ইয়াস আইল্যান্ডের পাশে ইয়াস খালের তীরে অবস্থিত ম্যানচেস্টার সিটি ইয়াস রেসিডেন্সেস বাই ওহানা আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়ে হালান্ড এ ঘোষণা দেন।
১ দশমিক ৬৭ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে গড়ে ওঠা এই আবাসন প্রকল্পে ২ হাজারের বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখানে টাউনহাউস, ডুপ্লেক্স ভিলা থেকে শুরু করে বড় আকারের পারিবারিক বাড়িও থাকবে। নির্মাণকাজ চলছে এবং ধাপে ধাপে বাড়িগুলো ২০২৯ সালের মধ্যে হস্তান্তর শুরু হওয়ার কথা।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সোমবার ইতিহাদ অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে হালান্ডের এই ঘোষণা আসে। অনুষ্ঠানে ৪ হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলাকে প্রকল্পটির আনুষ্ঠানিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত গার্দিওলা পেশাদার ফুটবলের বাইরেও দলগত কাজ, শৃঙ্খলা ও সুস্থতার গুরুত্ব নিয়ে কথা বলেন।
ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় এবং হালান্ডের বাবা আলফি হালান্ডও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ওই আবাসন এলাকায় নিজের কেনা বাড়ির চাবি গ্রহণ করেন।
ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডিংকে কেন্দ্র করে প্রকল্পটি সাজানো হচ্ছে। পরিকল্পনায় রয়েছে একটি বিশেষ পার্ক, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ একাডেমি। পাশাপাশি থাকবে ফুটবল মাঠ, টেনিস ও বাস্কেটবল কোর্ট, শরীরচর্চার সুবিধা এবং বিনোদনের বিভিন্ন জায়গা।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুই ও তিন শয়নকক্ষের টাউনহাউস, ডুপ্লেক্স ভিলা এবং চার ও পাঁচ শয়নকক্ষের ভিলা নির্মাণ করা হবে। আগামী ১৯ অক্টোবর থেকে আবাসন প্রকল্পে প্লট ও বাড়ি বিক্রি শুরু হওয়ার কথা। নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী, দুই শয়নকক্ষের টাউনহাউসের গড় দাম ৩৭ লাখ ৫০ হাজার আমিরাতি দিরহাম।
এই ঘোষণার মধ্য দিয়ে আবুধাবি ও ম্যানচেস্টার সিটির ক্রমবর্ধমান সম্পর্ক আরও দৃঢ় হলো। ক্লাবটির মালিকানার সঙ্গে আবুধাবির যোগসূত্র রয়েছে সিটি ফুটবল গ্রুপের মাধ্যমে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























