সৌদি আরবের উপসাগরীয় উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউকেএমটিও জানায়, শুক্রবার জুবাইল বন্দর থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে আঘাতের ঘটনা ঘটে।
সংস্থাটি আরও জানায়, জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নিয়মিতই ইরানের হামলার শিকার হচ্ছে বিভিন্ন জাহাজ। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধ করে রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানির জন্য এটিই একমাত্র সমুদ্রপথ।
আরেক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘সাফিন প্রিন্সিপাল’। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এই অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এর ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো।
যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















