দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম সাতদিন বন্ধ থাকবে।
আজ শনিবার থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ২৫ ও ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে ১৫ অক্টোবর আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের ব্যবসায়ীসহ বিভিন্ন দফতরে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর বন্দর খোলা থাকবে এবং এ সময় নিয়মিতভাবে বাণিজ্য কার্যক্রম চলবে।
এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রফতানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দর পুনরায় নিয়মিত কার্যক্রমে ফিরবে।
চিঠির অনুলিপি আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক এবং আগরতলা আইসিপির প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তার কাছে পাঠানো হয়। সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বাসসকে জানান, গতকাল শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়। বন্ধের বিষয়ে সব ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















