চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ আলহাজ্ব জি কে গউছকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উস্তাদুল হুফফাজ হাফেজ ক্বারী মোহাম্মদ তোফাজ্জল হাসান হেলাল এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য জি কে গউছের সঙ্গে ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, ধর্মীয় ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় দেশের চলমান পরিস্থিতি মোকাবিলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আলেম-ওলামারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সংবর্ধনা অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















