হাফিজুর রহমান যশোর সংবাদদাতা:
যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনর্নির্বাচনে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী সোনিয়া খাতুন পেয়েছেন ৫ ভোট।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১২ জন ভোটার অংশগ্রহণ করেন। নির্বাচনে শরিফুল ইসলাম ফুটবল প্রতীক এবং সোনিয়া খাতুন মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে শরিফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে অনুষ্ঠিত নির্বাচনে দুই প্রার্থী সমান ৫টি করে ভোট পান। ওই নির্বাচনে একটি ভোট বাতিল হয় এবং একজন ভোটার অনুপস্থিত ছিলেন। ফলে সভাপতি পদে চূড়ান্ত ফলাফল নির্ধারণ না হওয়ায় পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হয়। পুনর্নির্বাচনে ১২ জন ভোটারের ভোটে শরিফুল ইসলাম ৭টি এবং সোনিয়া খাতুন ৫টি ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম বলেন, “সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।”
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী সোনিয়া খাতুন নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের সময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবু জাফর, অভিভাবক সদস্য মো. মনসুর আলী, আহাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















